সর্বশেষ

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
ডেটা ও ইন্টারনেট সেবার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতি এমবিপিএসের জন্য ব্যান্ডউইথ চার্জ মাসিক সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নতুন মূল্যহার গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্ল (আইটিসি), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ডেটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডেটা ও ইন্টারনেট সেবার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
পুনর্নির্ধারিত এ দামে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিসিএলের ওয়েবসাইট www. btcl. gov. bd এ লগইন করতে বলা হয়েছে।
 
স্কাইপ এল হাতের নাগালেই। হাতঘড়িতে ব্যবহার করা যাবে বার্তা-আদান প্রদান, কথা বলার এই সফটওয়্যারটি। মাইক্রোসফট জানিয়েছে, ডেস্কটপ, ল্যাপটপ আর মোবাইল ফোনের পাশাপাশি স্কাইপ ব্যবহারের সুবিধা এল স্মার্টওয়াচেও। গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচে স্কাইপ অ্যাপ ব্যবহারের সুবিধা আনার কথা জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য স্কাইপ অ্যাপটির সর্বশেষ সংস্করণ স্কাইপ ৬ দশমিক ৪ উন্মুক্ত করেছে যাতে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচে নোটিফিকেশন দেখা, বার্তা পড়া, ইমোটিকনের সাহায্যে উত্তর লেখা কিংবা কথা বলে বার্তা পাঠানোর সুবিধা থাকবে।
অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচের মধ্যে মটোরোলার তৈরি মটো ৩৬০, হুয়াইয়ের হুয়াই ওয়াচ, এলজির আরবেন ও আসুসের জেনওয়াচে স্কাইপ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
স্কাইপের স্মার্টহাতঘড়ি সংস্করণে বার্তা গ্রহণের পর তার উত্তর দেওয়া যাবে হাতঘড়ি থেকেই। এ জন্য হাতঘড়িতে ভয়েস টু টেক্সট অপশনটির সাহায্য নেওয়া যাবে বা আগে থেকে উত্তর সেট করে রাখা বিষয়গুলো উত্তর হিসেবে পাঠানো যাবে। এ ছাড়া ঘড়ির স্ক্রিনে আঙুল দিয়ে ইমোটিকন এঁকে সেটি পাঠানো যাবে। এ ছাড়া ফোনের স্ক্রিনে ট্যাপ করে ইনকামিং কল গ্রহণ করা বা বাতিল করা যাবে। যদি কল ধরতে হয় তবে তা ঘড়ি থেকেই ধরা যাবে তবে কথাবার্তা চালিয়ে যেতে মাইক্রোফোন, হেডফোন বা ব্লুটুথ স্পিকারযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে হবে। এ ছাড়াও ওয়াচ অ্যাপ দিয়ে কল বন্ধ করা, ধরে রাখা বা অন্য কলে যাওয়ার সুবিধা আছে।



সম্প্রতি ফেসবুকে নানা রকম হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট বেড়ে যাওয়ায় ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের পোস্ট সম্পর্কে সচেতন করে দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এসব পোস্টে চটকদার নানা কথাবার্তার পাশাপাশি ব্যবহারকারীর মনে ভয় জাগানো নানা কথা বলা থাকে।
ফেসবুকে সম্প্রতি একটি ভাঁওতাবাজির পোস্ট বেশি ছড়াচ্ছে। যাতে বলা হচ্ছে, ‘আপনি যদি আপনার ছবি ও অন্যান্য কনটেন্টের কপিরাইট নিজের কাছে রাখতে চান তবে দ্রুত একটি আইনি নোটিশ পোস্ট করুন। অথবা ফেসবুকের প্রোফাইল যদি ব্যক্তিগত রাখতে চান তবে আপনাকে ফেসবুককে পয়সা দিয়ে তা ব্যবহার করতে হবে।’ তবে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের পোস্টগুলো স্রেফ ভাঁওতাবাজি। অনেকে না জেনেই এ ধরনের পোস্টে ক্লিক করে বসছেন।
ফেসবুকে দীর্ঘদিন ধরেই ভাঁওতাবাজির নানা রকম পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়। ২০০৯ সালে প্রথম এ ধরনের পোস্ট প্রথম দেখা যায়। এরপর থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। ২০১২ সালেও এ ধরনের পোস্ট দেখা গিয়েছিল। সর্বশেষ এ বছরের জানুয়ারি মাসে এ ধরনের পোস্ট ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পোস্টগুলোর ভাষা পরিবর্তন করে কিংবা হালের কোনো ঘটনা যুক্ত করে এ পোস্টগুলো ছড়ানো হয়। সম্প্রতি ফেসবুকে ছড়ানো একটি হোক্স পোস্টের ভাষ্য এরকম ‘এটা এখন অফিশিয়াল। বিভিন্ন মিডিয়াতে এটা প্রকাশ পেয়েছে। ফেসবুক ব্যবহার চালিয়ে যেতে হলে এবং স্ট্যাটাস প্রাইভেট রাখতে হলে ৫ দশমিক ৯৯ মার্কিন ডলার করে ফি লাগবে। তবে এ বার্তাটি যদি আপনার পেজে পেস্ট করেন তবে এ খরচ আর লাগবে না। আগামীকালের মধ্যে যদি এই পোস্টটি নিজের ওয়ালে পোস্ট না করেন তবে আপনার সব পোস্ট পাবলিক হয়ে যাবে। এমনকি কোনো বার্তা বা ছবি মুছে ফেলা যাবে না। সামান্য কপি-পেস্ট করতে তো কোনো অর্থ খরচ হচ্ছে না।’ 
ফেসবুকে ছড়ানো নানা ধরনের গুজব ও ভাঁওতাবাজির পোস্টে কান না দিতে নিষেধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘মঙ্গলে পানি থাকলেও ইন্টারনেটে এ ধরনের পোস্টের সবকিছু বিশ্বাস করা থেকে সাবধান। আর ফেসবুক সবার জন্য বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকছেই। ফেসবুকে আইনি নোটিশ সংক্রান্ত পোস্টে কপি-পেস্টের বিষয়ে সাবধান থাকাই শ্রেয়। কারণ এগুলো হোক্স।’
২০১২ সালে ছড়ানো একটি হোক্স নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘ব্যবহারকারীর তথ্য ও কনটেন্টের মালিকানা পরিবর্তন নিয়ে যে গুজব ছড়াচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। ফেসবুক ব্যবহারকারীই নিজেই তার তথ্য নিয়ন্ত্রণ করার মালিক। এ বিষয়টি ব্যবহারকারীর নীতিমালায় স্পষ্ট করা আছে।’ সূত্র: সিএনএন।
| Copyright © 2013 BD Online News 24